ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ বাতিল করলো অস্ট্রেলিয়া

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৫:৪৬
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা ছিলো সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ছিলো, নারায়নগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। সম্প্রতি বৃষ্টির কারনে পানি জমে যাওয়ায় মাঠ খেলার অনুপযোগি থাকায় প্রস্তুতি ম্যাচটি বাতিল করার সিদ্বান্ত নেয় অসিরা। 
 
আজ সকালে ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথসহ পাঁচ সদস্যের একটি দল। পুরো মাঠ ও স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। পরে প্রস্তুতি ম্যাচ বাতিল করার সিদ্বান্ত জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। 
 
এ ব্যাপারে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘অস্ট্রেলিয়ানরা সকালে ফতুল্লায় গিয়েছিলেন। গ্রাউন্ডসম্যানদের প্রচেষ্টার প্রশংসা করে তারা। মাঠটি পুরোপুরি ঠিক হয়নি। মাঠের কিছু অংশ ভেজা ছিলো। তাই তারা এখানে প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি নয়। আমি মনে করি খেলা শুরুর আগে পানি অপসারণ করা যেত কারণ এই গ্রীষ্মে ব্যতিক্রমী বৃষ্টি হয়েছে। মাঠের বাইরে পানি জমে ছিলো এবং ভেতরে আটকে থাকা পানি সমস্যা করছিলো।’
 
বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিকে তুলে ধরেছিলো বিসিবি। কিন্তু দূরত্বের জন্য সেখানে খেলবে না সফরকারীরা, তা আগেই জানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ২২ ও ২৩ আগষ্ট দু’দিনের প্রস্তুতি ম্যাচ হবার কথা ছিলো। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় মূল সিরিজের জন্য এখন নিজেদের প্রস্তত করবে অস্ট্রেলিয়া। আগামী ২৭ আগস্ট থেকে ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাসস।
 
ইত্তেফাক/রেজা