নায়করাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৯:৫১
বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

শোক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্প তথা সংস্কৃতাঙ্গন এক কিংবদন্তিকে হারালো, যে ক্ষতি সহজে পূরণ হবার নয়। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদানের কথা উল্লেখ করেন।
 
শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
IMG0
সোমবার ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক মারা যান। সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে বিকাল ৫টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ।
 
রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকার সময়ে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ের শুরু। দেশভাগের পরে ১৯৬৪ সালে সেইসময়ের পূর্বপাকিস্তানে চলে আসেন সপরিবারে। টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের একটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সিনেমায় অভিনয়ের আগে সহকারী পরিচালনা করেছিলেন আবদুল জব্বার খানের অধীনে।
 
ইত্তেফাক/ইউবি