তিন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে চাকরি দিলেন অনন্ত জলিল

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৮:১৪

তিন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে চাকরি দিলেন ব্যবসায়ী অনন্ত জলিল। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি প্রদান অনুষ্ঠানে প্রথমপর্যায়ে তিনজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

চাকরি পাওয়া তিনজন হলেন-রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিপা তাবাসসুম ও পারভীন আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের পারুল বেগম। তারা তিনজনই ইডেন কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করেছেন। এই তিনজনকে অনন্ত জলিলের পোশাক প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়।

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, আমরা প্রথমপর্যায়ে এই তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরে আনন্দিত।

তিনি আরো বলেন, বিবেকের তাগিদে আমি আমার সাধ্যমতো তিন প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছি। অন্যরাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে প্রতিবন্ধীরা কোনো অনুগ্রহ নয়, কাজ করেই জীবিকা নির্বাহ করতে পারবে।

প্রসঙ্গত, অনন্ত জলিল চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। ‘খোঁজ- দ্যা সার্চ’ তার প্রথম সিনেমা। পরবর্তীতে ‘হৃদয় ভাঙা ঢেউ’ এবং ‘নিঃস্বার্থ ভালোবাসায়’ তিনি অভিনয় করেন। এতে ব্যাপক জনপ্রিয়তা পান।

সাভারের হেমায়েতপুরে বিশাল জায়গা জুড়ে তিনি গড়ে তুলেছেন এজেআই গ্রুপ। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ তিনি নিজ হাতে তদারকি করেন। বর্তমানে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অনন্ত জলিল। তার নতুন ছবি ‘দিন : দ্য ডে’ শুটিং শুরু করারও প্রস্তুতি নিচ্ছেন। 

ইত্তেফাক/জেডএইচ