একাদশ জাতীয় সংসদ নির্বাচন

মাগুরায় আওয়ামী লীগের দুটি আসনেই চোখ বিএনপির

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০২:১০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড়বছর বাকি থাকলেও মাগুরায় ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। নিজ নিজ ঘর গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য প্রার্থীরা স্ব-স্ব নির্বাচনী এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। নিজ নিজ নেতাদের নামে কর্মী-সমর্থকরা বিলবোর্ড তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। সরকারি দল ব্যানার-ফেস্টুনের মাধ্যমে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। কর্মীদের নিয়ে দলীয় ও ব্যক্তিগত মতবিনিময়, কর্মীসভা, পথসভা করছেন। গ্রাম-গঞ্জে চায়ের কাপে উঠছে আগামী নির্বাচন নিয়ে তুমুল ঝড়।

মাগুরায় সংসদীয় আসন দুটি। সর্বশেষ হিসাব অনুযায়ী জেলায় মোট ভোটার ছয় লাখ ৫৫ হাজার ৩৬৯ জন। সদর উপজেলার আংশিক ও শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরা-১ আসন গঠিত। এটি জাতীয় সংসদের ৯১ নং আসন। এ আসনের ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। অন্যদিকে মহম্মদপুর  ও শালিখা উপজেলাসহ সদরের চারটি ইউনিয়ন নিয়ে মাগুরা-২ আসন গঠিত। যা সংসদের ৯২ নং আসন হিসেবে পরিচিত। এ আসনের ভোটার              সংখ্যা তিন লক্ষাধিক। বিএনপি নির্বাচনে আসলে এখানকার দুটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে।

মাগুরা জেলা আওয়ামী লীগে প্রকাশ্যে কোনো গ্রুপিং দেখা না গেলেও নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এ সকল চেয়ারম্যানের অনেকের বিরুদ্ধেই জামায়াত-বিএনপিকে সহযোগিতা করার অভিযোগ আছে।

অন্যদিকে মাগুরায় বিএনপি দীর্ঘদিন ধরেই দুটি গ্রুপে বিভক্ত। একটির নেতৃত্বে সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অন্যটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি কাজী সালিমুল হক কামাল। তবে গ্রুপিং থাকলেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা আছেন। রাজনৈতিক মিটিং-মিছিল বা বড় কোনো প্রোগ্রাম করতে দেখা না গেলেও নিয়মিত গণসংযোগের মাধ্যমে সরকারের দুর্বল দিকগুলো তুলে ধরে তারা নির্বাচনে এ দুটি আসনই উদ্ধারের জন্যে ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন বলে জানা গেছে। এখন অপেক্ষা কে কোন্ দলের মনোনয়ন পান। এখানে জামায়াতের কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও জাসদ, জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।

ইত্তেফাক/নূহু