হাজারো মানুষের ভালবাসায় শহীদ মিনারে নায়করাজ

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৩:৪৭
 
সর্বসাধারণের ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য নায়করাজ রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। ফুলেল শুভেচ্ছা ও চোখের জলে চলচ্চিত্রের এই প্রাণপুরুষকে শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো ভক্ত।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে তার মরদেহ নেয়া হয়। সেখানে তার মরদেহ দুই ঘণ্টা থাকবে। নায়করাজের মরদেহে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, জয়া আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা।
 
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর কফিন নেয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বেলা আড়াইটার দিকে জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে নায়ককে। নায়করাজ রাজ্জাক গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
ইত্তেফাক/আনিসুর