রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মো. সেলিম রেজা (৪৮) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি---রাজিউন)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সরাবপুর উপজেলার শাহাবাজেন উদ্দিনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম রেজা সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘাটে কর্তব্য পালন শেষে ব্যারাকে ফিরে পোষাক খুলছিলেন। এসময় বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। ব্যারাকে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারী মো. সেলিম রেজা দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইনে নামাজে জানাযা শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার সালমা বেগম। পরে পরিবারের সদস্যরা তার লাশ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়।
ইত্তেফাক/রেজা
