ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, বিশ্বশক্তির সঙ্গে করা পারমাণবিক চুক্তি যদি শেষ পর্যন্ত ভেঙ্গে যায় তাহলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে আবার নিয়োজিত হবেন। আর সেটা আগামী পাঁচদিনের মধ্যেই শুরু হবে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলা হয়।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া,চীন এবং ইউরোপের তিনটি দেশের সঙ্গে ওই পারমাণবিক চুক্তি হয়। ইরান যে কারণে এই চুক্তিতে রাজি হয়েছিল তা হচ্ছে এর ফলে ইরানে আর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। পাশাপাশি চুক্তির শর্ত মোতাবেক ইরানও পারমাণবিক কার্যক্রম থেকে বিরত থাকবে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, ইরান পারমাণবিক চুক্তিও করেছে,আবার তাদের উপর অবরোধও আরোপ করা হচ্ছে।
তিনি বলেন, এক সাথে দুই বিষয় থাকতে পারে না। হয় তাদের ওপর আর নতুন কোন অবরোধ হবে না, অন্যথায় তারা পারমাণবিক কার্যক্রম ফের ফিরে যাবে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান সেই একই সুরে গতকাল বলেন, পারমাণবিক চুক্তির শর্ত যদি ভাঙ্গা হয় তাহলে তারাও বসে থাকবে না। তারা আগামী পাঁচদিনের মধ্যে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি যে সতর্কবাণী দিয়েছেন তা কোন ভিত্তিহীন কথা নয়। তিনি বলেন, আমরা যদি মনে করি তাহলে আমরা এই পাঁচদিনের মধ্যে ২০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করতে পারবো। অথচ ওই চুক্তির আওতায় আমরা ব্যাপকহারে সেন্ট্রিফিউজ কমিয়েছি। সেইসঙ্গে যে মেশিনের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করা হতো তাও আমরা বন্ধ রেখেছি। তিনি বলেন, আমাদের কাছে মাত্র ১ হাজার সেন্ট্রিফিউজ রয়েছে যা শুধু গবেষণা কাজে ব্যবহারের জন্য।
গত জুলাই মাসে মার্কিন অর্থ দপ্তর ইরানের ছয়টি প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করে। তাদের অভিযোগ, তেহরান ব্যালিস্টিক মিসাইল উন্নয়নের কাজ করছে। আর এর পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে ইরান। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
