খালি চোখে সূর্যগ্রহণ দেখলেন ট্রাম্প ধমকও খেলেন

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ০৩:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খালি চোখে সূর্যগ্রহণ দেখেছেন। সোমবারের সূর্যগ্রহণকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল উত্তেজনা ছিল। সপরিবারে তা দেখবেন বলে ঠিক করেন মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারনকে নিয়ে হোয়াইট হাউসের বারান্দায় এসে দাঁড়ান। নীচে তখন সমর্থকদের ভিড়। তাদের উদ্দেশে হাত নেড়ে খালি চোখে সূর্যের দিকে তাকান। সঙ্গে সঙ্গে ‘খবরদার, সূর্যের দিকে তাকাবেন না’ বলে পিছন থেকে চিত্কার করে ওঠেন সামনে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে এক ব্যক্তি। সেই সময় তার পাশেই দাঁড়িয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনিও স্বামীর এই কান্ড-কারখানা দেখে তাকে মৃদু ভর্ত্সনা করেন। ধমকের পর হুঁশ ফেরে ট্রাম্পের। তার পকেটে যে চশমা রয়েছে, বের করে তা দেখিয়েও দেন তিনি। এরপর তড়িঘড়ি তিনি চশমা পরে নেন।

তারপর সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দেখেন। পূর্ণগ্রাস গ্রহণ দেখার জন্য অবশ্য শেষ পর্যন্ত অপেক্ষা করেননি তিনি। আংশিক গ্রহণ দেখেই ভিতরে চলে যান।

তবে খালি চোখে ট্রাম্প সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেছিলেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। প্রায় এক শতাব্দী পর পূর্ণগ্রাস সূর্যগ্রহনের সাক্ষী থাকলো যুক্তরাষ্ট্র। খবর আনন্দবাজার পত্রিকার

ইত্তেফাক/নূহু