বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার হাইকোর্টের রায়কে ‘দৃষ্টান্তমূলক’ উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্ট বিভাগ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। একে আমি দৃষ্টান্তমূলক রায় বলব। আমরা এ রায়ে স্বস্তি বোধ করছি।
মঙ্গলবার আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের বিষয়ে মাহবুবে আলম বলেন, হত্যাকাণ্ডের চারজন মূল হোতা ছাড়াও মেজর আরিফের টিমে যারা মাইক্রোবাসে ছিলেন তাদের সকলেরই ফাঁসি হয়েছে। বস্তা তৈরিতে অর্থাৎ বালুর বস্তা তৈরির টিমে ছিলেন এমন ৬ জনের মধ্যে ৩ জনের ফাঁসি বহাল রয়েছে। একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই জনের সাত বছরের জেল হয়েছে। নূর হোসেনের টিমে যারা ছিল তাদের সকলেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে নূর হোসেনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানার টিমে সাতজন ছিল, তাদের সবাইকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আশরাফুজ্জামান নামে আরেক আসামি যিনি ইনজেকশন জোগাড় করে দিয়েছিল, নিম্ন আদালতে তার ফাঁসির আদেশ হলেও হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ইত্তেফাক/এমআর
