রাজধানীর মিরপুরে পুত্রবধূকে শ্লীলতাহানির পর মারধর করার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে ওই নারী মিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই নারী অভিযোগ করেন, তার স্বামী প্রায় নয় বছর ধরে বিদেশে থাকেন। তিনি দুই সন্তান নিয়ে শ্বশুরসহ মিরপুরের বাসায় থাকেন। এ ছাড়া ওই বাসায় অন্য কেউ থাকেন না। প্রতিদিনের মতো গত শুক্রবার তার শ্বশুর তাকে হাত-পা টিপে দিতে ঘরে ডেকে নেন। একপর্যায়ে শ্বশুর তার শ্লীলতাহানি করেন। পরে তাকে দুই সন্তানসহ বাসা থেকে বের করে দেন। গতকাল বুধবার বিকেলে বাসায় ফিরলে তিনি শ্বশুরের মারধরের শিকার হন।
ওই নারী অভিযোগ করেন, এ ঘটনার পর শ্বশুর প্রতিবেশীদের কাছে ও বিদেশে অবস্থানরত স্বামীর কাছে তার নামে কুৎসা রটাতে থাকেন। গত মঙ্গলবার রাতে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. জসীমউদ্দিন মোল্লার মাধ্যমে ওসির কাছে গেলেও ওসি মামলা নেননি। তবে ওসি একটি লিখিত অভিযোগ নিয়েছেন। সেটি মামলা হিসেবে রেকর্ড করেছে কি না জানি না।
অভিযোগের বিষয়ে ওই নারীর শ্বশুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। পুলিশের নির্দেশমতো তিনি এখন থানায় যাচ্ছেন। মিরপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ওই নারীর লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার বিকেলে নারীকে মারধর করার প্রসঙ্গে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর শরীরের আঁচড়ের চিহ্ন দেখেছে। ওই নারীর শ্বশুরও অসুস্থ। রাতে শ্বশুর ও পুত্রবধূকে থানায় ডাকা হয়েছে। দু’জনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মধ্যরাতে ওসি জানান, দু’জনই থানায় উপস্থিত আছেন। তাদের সঙ্গে কথা বলছি। এখনো সমাধান হয়নি।
ইত্তেফাক/এমআর
