গতকাল বৃষ্টির ধারায় ভিজে ভিজে অন্তিম শয়ানে গেলেন বাংলার কিংবদন্তিতুল্য অভিনেতা নায়করাজ রাজ্জাক। বৃষ্টি উপেক্ষা করে বনানী কবরস্থানে ছুটে আসা শত ভক্ত-শুভার্থী জানালেন, বাংলাদেশের মানুষের মন থেকে তাঁকে মুছে ফেলা সম্ভব না।
গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।
৫০ বছরে ২৭৪ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক। তবে বিস্ময় অপেক্ষা করছে এরপরেই। চলচ্চিত্র জীবনের প্রথম ২০ বছরে ১৪১টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রতিবছর গড়ে ৭ এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকের কথা মাথায় রেখে বারবার নিজেকে ভেঙেছেন রাজ্জাক। ইন্ডাস্ট্রির প্রয়োজনে নিজের অবসর, বিশ্রামের কথা ভাবেননি।
এই মহান অভিনেতার প্রয়াণ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সকাল সাড়ে ১০টায় তার স্মরণসভা করবে। এর পর মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/আনিসুর
