ব্রাজিলে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৪:০৭
ব্রাজিলের উত্তরাঞ্চলে নৌকাডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। রাতে আমাজন অববাহিকায় একটি নৌকা ডুবে গেলে তাদের মৃত্যু হয়। বুধবার স্থানীয় সরকার একথা জানায়। 
 
খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের জিনগু নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে পৌঁছেছে। জিওয়ান নিউজ সাইটের খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা নাগাদ মাত্র ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পন্তা নেগ্রার কাছে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ৭০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
IMG0
খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে এ নৌকাডুবির কারণ জানা যায়নি। তবে সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলোর খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। প্যারা দমকল সার্ভিসের কর্নেল অগাস্তো লিমা ফোলহাকে বলেন, ‘সেখানে পানির উপরে এবং নীচে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্গম এলাকায় উদ্ধার কাজে আমরা তিনটি বিমান পাঠিয়েছি।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু