স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র সহ্য না করার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিচার অঙ্গনের সর্বচ্চো চেয়ারে বসে পাকিস্তানের উদাহরণ টানায় প্রধান বিচারপতি জাতির সঙ্গে বেইমানী করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সোহাগ। শোকাবহ আগষ্ট উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।
প্রধান বিচারপতির উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি বলেন, মাননীয় প্রধান বিচারপতি আপনি দায়িত্বশীল চেয়ারে বসে বঙ্গবন্ধুকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে কটূক্তি করছেন। পাকিদের উদাহরণ টেনে এনে বাঙালি জাতির সঙ্গে বেঈমানী করছেন। আপনাকে সাবধান করে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ চাইলে ২ মিনিটে আপনাকে পদত্যাগ করাতে বাধ্য করাতে পারে। তখন আপনি আদালত থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই আপনি স্ব-ইচ্ছায় পদত্যাগ করুন।
হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ খানের সঞ্চালণায় এতে আরও বক্তব্য রাখেন কবি জসিম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমতউল্লাহ, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ-সভাপতি কাজী এনায়েত, মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, কর্মসূচী ও পরিকলল্পনা সম্পাদক রাকিব হোসেন, সমাজসেবা সম্পাদক রানা হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
