অষ্টম উইকেট জুটিতে মহেন্দ্র সিং ধোনি-ভুবনেশ্বর কুমারের বিশ্বরেকর্ড অবিচ্ছিন্ন ১০০ রানে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় জয় পেয়েছে ভারত।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৬ রান করে শ্রীলংকা। বৃষ্টি আইনে ৪৭ ওভারে ২৩১ রানের টার্গেট পায় ভারত। সেই লক্ষ্যে উদ্বোধণী জুটিতে ১০৯ রানের পরও শ্রীলংকার অফ-স্পিনার আকিলা ধনানঞ্জয়ার ঘুর্ণিতে ১৩১ রানে সপ্তম উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ধোনি-ভুবির রেকর্ড জুটিতে ৩ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।
এ ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ১২১ রানে ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। মিলিন্দা সিরিবর্ধনে ও চামারা কাপুগেদেরার ৯১ রানের জুটিতে ৮ উইকেটে ২৩৬ রানের লড়াকু স্কোর পায় শ্রীলংকা। ৪৩ রানে ৪ উইকেট নেন বুমরাহ। সিরিবর্ধনে ৫৮ ও কাপুগেদেরা ৪০ রান করেন।
শ্রীলংকার ছুড়ে দেয়া ২৩৭ রানের টার্গেট বৃষ্টির কারণে ছোট হয়ে দাড়ায় ৪৭ ওভারে ২৩১ রান। সেই লক্ষ্যে দারুন সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৯৩ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা। এই নিয়ে ১১তম বারের মত শতরানের জুটি গড়লেন রোহিত ও ধাওয়ান। ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চবারের মত শতরানের জুটি তাদের।
রোহিত ৫৪ ও ধাওয়ান ৪৯ রানে ফিরে যাবার পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারতের ইনিংস। ১০৯ রানে প্রথম উইকেট হারানোর পর ১৩১ রানে সপ্তম উইকেট হারায় তারা। এ সময় ভারত শিবিরে আঘাত হানেন ধনানঞ্জয়া। ১৩ বলের ব্যবধানে ভারতের পাঁচ উইকেট তুলে নেন তিনি।
রোহিতকে শিকারের পর লোকেশ রাহুল, কেদার যাদব, কোহলি, হার্ডিক পান্ডে ও অক্ষর প্যাটেলকে নিজের ঘুর্ণির ফাঁদে ফেলেন ধনানঞ্জয়া। রাহুল ৪, যাদব ১, কোহলি ৪, পান্ডে শূন্য ও প্যাটেল ৬ রান করেন। এরপর শ্রীলংকার বোলারদের সামনে বুক উচিয়ে লড়াই করেন ধোনি ও ভুবেনশ্বর। শুরুতে সতর্ক থাকলেও, পরের দিকে অনায়াসেই রান তুলেছেন ধোনি ও ভুবেনশ্বর। তাই ধোনি-ভুবেনশ্বরের অবিচ্ছিন্ন ১শ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত। অষ্টম উইকেটে ভারতের হয়ে নতুন জুটির রেকর্ড এটি। এছাড়া ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিতে এটি বিশ্বরেকর্ড।
