মদনে প্রশাসনের নাকের ডগায় সরকারি গাছ কর্তন

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৮:২৬
 
নেত্রকোনার মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুক্রবার সরকারি দুটি মেহগনি গাছ কর্তন করেছে চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের ইসলাম উদ্দিন নামক এক সিন্ডিকেট ব্যবসায়ী। পরে প্রশাসনের বাঁধার মুখে গাছগুলো ফেলে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
 
এ ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার সাদাত সানোয়ার ও রাজ্জাক মিয়া জানান, দরপত্র ছাড়াই দুটি মেহগনি গাছ কিভাবে কর্তন করল তা জানতে চাইলে ইসলাম উদ্দিন আমাদের উপর চড়াও হয়। পরে আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করি।
 
এ সময় গাছ কাটা মিস্ত্রী লালু মিয়া জানান, ইসলাম উদ্দিন আমাদেরকে তিনটি মেহগনি গাছ কাটার জন্য ৬ হাজার টাকার বিনিময়ে নিয়ে আসে। দ্বিতীয় গাছটি অর্ধেক কাটার পর ইউএনও স্যার বাঁধা দিলে আমরা গাছ কাটা বন্ধ করে দেই। এ সময় ইসলাম উদ্দিন আমাদের টাকা না দিয়েই পালিয়ে যায়।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান জানান, ইসলাম উদ্দিন না জানিয়ে গাছ কর্তন করেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহেদ হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ জানান, প্রশাসনের অনুমোদন ছাড়াই সরকারি এই দুটি গাছ কিভাবে কর্তন করল তা তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ ব্যাপারে অভিযুক্ত ইসলাম উদ্দিনকে গাছ কাটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, প্রশাসনকে ম্যানেজ করেই গাছ কাটছি আপনারা দেখার কে।
 
ইত্তেফাক/জামান