সিরাজগঞ্জের তাড়াশে কিশোরী ধর্ষণ মামলার আসামি দুই যুবলীগ নেতা মো. আনিছুর রহমান ও মহির উদ্দীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া দুই যুবলীগ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিয়ে ঘটনার রাতেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। তবে নিয়মানুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একদিন সময় লেগে যায়। বহিষ্কৃত আনিছুর রহমান উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্যবিষয়ক সম্পাদক এবং মহির উদ্দীন নওগাঁ ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। এদের বহিষ্কারাদেশ আজ শনিবার মাইকিং করে সকলকে অবগত করা হয় বলেও জানান তিনি।
গত মঙ্গলবার দিনগত রাতে ১৬ বছরের এক কিশোরীকে উপজেলার মহিষলুটি এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুই যুবলীগ নেতা। এরপর নওগাঁ-মহিষলুটি আঞ্চলিক সড়কের বিদ্যাধর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ঐ কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনার রাতেই এলাকাবাসী কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে এলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। গত বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় তাড়াশ থানা পুলিশ।
ইত্তেফাক/কেকে
