মাস ছয়েক আগে প্রকাশ পেয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের প্রবন্ধ ও বক্তৃতার সংকলন ‘বাংলাদেশ মার্চিং ফরোওয়ার্ড’ গ্রন্থটি। যার আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। বইটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনার পাশাপাশি আবুল মোমেনের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন বিশিষ্টজনরা।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, সাংবাদিক সেলিম সামাদ ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ড. আব্দুল মোমেনের ব্যস্ততার মাঝে সময় বের করে লেখা প্রবন্ধ, বিভিন্ন সময়ে দেয়া ভাষণের এ সংকলনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ লেখাগুলো সময়ের কথা বলে। আমরা আমাদের অভিজ্ঞতাকে যদি তার মতো করে লিখে প্রকাশ করতে পারি, তাহলে ভবিষ্যত প্রজন্ম এসব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবে।
আনিসুজ্জামান বলেন, বইটির পরিসর ছোট হলেও ঐতিহাসিক পরিসর অনেক বড়। মুক্তিযুদ্ধ সময়কাল থেকে প্রায় বর্তমানকাল পর্যন্ত সময়কালের বর্ণনা এতে রয়েছে। সে সঙ্গে তার ব্যক্তিগত চেতনা সম্পর্কেও জানা যায়। প্রতিটি পাতায় দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি তার কর্তব্য বোঝা যায়।
এইচটি ইমাম বলেন, ড. মোমেনের সময়কালে জাতিসংঘে বাংলাদেশের স্বর্ণযুগ ছিল। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্ধিক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দেশের সংস্কৃতি তুলে ধরতে কাজ করেছেন। এ বইয়ে তার লেখা প্রবন্ধ ও বক্তৃতার পাশাপাশি অনেকগুলো সুন্দর ছবি রয়েছে।
অনুভূতি প্রকাশ করে আব্দুল মোমেন বলেন, এ বইয়ের অনেকগুলো প্রবন্ধ ২০০১ থেকে ২০০৮ সালের অরাজকতার মাঝে লেখা। সেগুলো বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়নি, তবে বিশ্বের অন্যান্য দেশের পত্রিকায় প্রকাশ পেয়েছে। এ বইয়ের পেছনে আমার অবদান কম। আমার এক অনুজপ্রতিম বন্ধু নিজে সংগ্রহ করে এ বইটি প্রকাশে সাহায্য করেছে।
বইটি চারভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম ভাগে ড. আব্দুল মোমেনের মুক্তিযুদ্ধকালীন বর্ণনা, দ্বিতীয়ভাগে ২০০১ থেকে ২০০৮ সালের শাসনামল, যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের প্রসঙ্গ, ২০০৮ সালের পর বাংলাদেশর অগ্রগতি এবং শেষ ভাগে রয়েছে জাতিসংঘে দায়িত্বরত সময়ে বিভিন্ন বক্তৃতা। বইটির মূল্য ৭০০ টাকা।
ইত্তেফাক/ইউবি
