আলোচিত ক্রিকেটার আরাফাত সানির আত্মহত্যা চেষ্টাকারী দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাঁটাসুরের বাসা থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে ধানমন্ডির রেঁনেসা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। দুই দিন পর গতকাল শনিবার বিকালে সংজ্ঞা ফিরলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে নাসরিন সুলতানার ছোট বোনের দাবি। তবে সানির পরিবারের দাবি, প্রথম স্ত্রীকে তালাক দিতে রাজি না হওয়ার জেরধরে ঘটনাটি ঘটতে পারে।
ধানমন্ডি মডেল থানার ওসি আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি তারা নজরদারির মধ্যে রেখেছেন।
নাসরিন সুলতানার ছোট বোন শারমিন সুলতানা সাংবাদিকদের জানান, তার বোন আরাফাত সানির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, আরাফাত সানির স্ত্রীর আত্মহত্যার চেষ্টার বিষয়ে শনিবার পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
আরাফাত সানির ভাই ফয়সাল বলেন, আরাফাত সানি আদালতের নির্দেশে নাসরিন সুলতানাকে স্ত্রী হিসেবে মেনে নেয়। সে মোতাবেক আরাফাত সানি প্রথম স্ত্রী আফসানা ও দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বসবাস করে আসছেন। কিন্তু নাসরিন সুলতানা বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি এবং তার পরিবারের সদস্যরা সানিকে তার আরেক স্ত্রীকে ডিভোর্স দেয়ার জন্য চাপ দেন। কিন্তু সানি তাতে রাজি নয়। এ নিয়ে সানির সঙ্গে নাসরিন সুলতানার পারিবারিক কলহ চলছে। এর জেরধরেই নাসরিন সুলতানা আত্মহত্যার চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
