‘বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে’

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:০৬
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। খুনিরা পালিয়ে থাকতে পারবে না। বাংলার মাটিতে এদের বিচার হবেই।
 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পরপরই রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পালাতে সহযোগিতা করেছেন। খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি দিয়েছেন। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য বন্ধ করে দেয়া হয়েছিল।’
 
রবিবার কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
কামরুল ইসলাম বলেন, ঘাতকরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে হত্যার চেষ্টা করেছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন রয়েছে।
 
তিনি বলেন, ৭১’এর খুনি, ৭৫এর খুনি, জেলহত্যা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। এ সকল ষড়যন্ত্রকারীরা এখনও দেশে বিদেশে সক্রিয় রয়েছে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।
 
কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
 

ইত্তেফাক/এএম।