জানুয়ারিতে ইব্রাহিমোভিচ মাঠে নামবেন : মরিনহো

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:২৪
আগামী জানুয়ারিতে জ্লাতান ইব্রাহিমোভিচকে পুরোদমে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হোসে মরিনহো। ইনজুরি থেকে ফেরার পর সুইডিশ এই ফুটবল তারকার সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তি করেছে প্রিমিয়ার লীগের জায়ান্টরা। 
 
আগের চুক্তিটির মেয়াদ প্রায় দুই মাস আগেই শেষ হয়ে যাওয়ায় ৩৫ বছর বয়সী এই তারকার সঙ্গে চলতি সপ্তায় নতুন করে চুক্তি করে ম্যানচেস্টার ইউনাইটেড। হাঁটুর লিগামেন্টে গুরুতরভাবে চোট পাওয়া এই ফুটবল তারকা এখনো সুস্থতার পথে রয়েছেন। তবে তিনি প্রত্যাশার চেয়ে বেশি দ্রুততায় সুস্থ হয়ে ওঠেছেন।
 
মরিনহো বিটি স্পোর্টসকে বলেন, ‘জানুয়ারিতে তিনি লড়াইয়ে ফিরবেন।’ শনিবার ওল্ড ট্রাফোর্ডে লিস্টার সিটিকে ২-০ গোলে হারানোর পর ইউনাইটেড কোচ একথা জানান। তিনি বলেন, ‘দলবদলের বাজার যখন উন্মুক্ত ছিল এবং ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে কাড়ি কাড়ি অর্থ ব্যয় করলেও আমরা সেই পথে হাটিনি। তবে গত মৌসুমে আমরা এমন সব খেলোয়াড়দের পেয়েছি যারা মনে-প্রাণে আমাদের ক্লাবকে ভালবাসেন। বাড়তি কিছু দেয়ার জন্যই সে (ইব্রা) আমাদের কাছে এসেছে।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা