প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর যৌথ আয়োজনে রবিবার সকালে পিআইবি’র সেমিনার কক্ষে বিভিন্ন গনমাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রচারণার জন্য ৭ সাংবাদিককে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৭ প্রদান করা হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব জনাব মরতুজা আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক জনাব মোঃ শাহ আলমগীর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অতীতের মতো বর্তমানেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়ষন্ত্র চলছে। রাষ্ট্র আর গণতন্ত্রের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের কর্মীরা অতীতে জঙ্গীবাদ ও তান্ডবের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে আগামীতেও ঐতিহাসিক ভুমিকা রাখবেন। মন্ত্রী আরো বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার জনগণের জন্য যেসব প্রাযুক্তিক সেবা ও সুবিধা প্রদান করছে তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরো বেশি এগিয়ে আসতে হবে। তাহলেই ডিজিটাল বাংলাদেশ গড়া সহজ হবে। একইসঙ্গে তিনি স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার বাইরে রাখতে গণমাধ্যমের সহযোগিতা চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, গণমাধ্যমের মাধ্যমে তরুনদেরকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ভিশন ২০২১, ২০৪১ অর্জনের লক্ষ্যে তথ্য প্রযুক্তির ব্যবহারে তরুন সমাজকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে।
এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, জনগনের দোরগোড়ায় প্রযুক্তির মাধ্যমে সেবা পৌঁছে দেয়ার জন্য এটুআই যেসব কাজ ও সেবা সরবরাহ করে যাচ্ছে, সেগুলো সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সংবাদকর্মীরা। পিআইবি এবং এটুআই এই পুরস্কার প্রদান ছাড়াও প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক যেসব প্রশিক্ষণের আয়োজন করে, সেগুলোর সংখ্যা বৃদ্ধির প্রতিও আশ্বাস দেন।
উল্লেখ্য, এ বছর ৬টি ক্যাটাগরিতে ৭ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে দৈনিক জনকণ্ঠের এম শাহজাহান, টেলিভিশন ক্যাটাগরিতে ৭১ টেলিভিশনের মোহাম্মদ মাফিজুল ইসলাম, অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে আরটিভি অনলাইনের মাইদুর রহমান রুবেল, ফটো সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলো’র সৈয়দ আশরাফুল আলম, আঞ্চলিক সংবদপত্র ক্যাটাগরিতে দৈনিক গ্রামের কাগজের এস এম আরিফুজ্জমান, রেডিও ক্যাটাগরিতে যৌথভাবে রেডিও চিলমারী’র মো: কামরুল হাসান পলাশ ও রেডিও পদ্মা’র মো: সাদী মাহমুদ। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মফিজুর রহমান, এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, সাংবাদিক ইসতিয়াক রেজা এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/রেজা
