খাবার খেয়েছেন আবদুল জব্বার, শঙ্কা কাটেনি

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ০৯:২৩
 
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দ সৈনিক আবদুল জব্বার গতকাল মুখে খাবার খেয়েছেন এটা ইতিবাচক লক্ষণ হলেও শঙ্কা এখনো কাটেনি। বিএসএমএমইউর আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক বলেন, ‘আবদুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিত্সা সেভাবে গ্রহণ করছে না। তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে।’
 
গত শনিবার আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
 
আবদুল জব্বার গত চার মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে আবদুল জব্বারের পাশে আছেন তার স্ত্রী হালিমা জব্বার এবং দুই ছেলে মিঠুন জব্বার ও বাবু জব্বার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেট, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
 
হালিমা জব্বার বলেন, ‘অনেক পত্র-পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে তার মৃত্যুর খবর কিংবা লাইফ সাপোর্টে যাওয়ার কথা প্রচার করছে। আমি অনুরোধ করব, এগুলো যেন প্রচার করা না হয়। তিনি কখনও লাইফ সাপোর্টে যাননি। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।’
 
ইত্তেফাক/কেকে