বন্যার কারণে স্থগিত ২০ আগস্টের ভোট ২৪ সেপ্টেম্বর

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৯:০৭
 
চলমান বন্যার কারণে নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব ঘোষিত স্থানীয় সরকারের যে ১৬টি নির্বাচন স্থগিত করা হয়েছিল সেগুলোতে আগামী ২৪ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
 
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বন্যার কারণে যে নির্বাচনগুলো বন্ধ করা হয়েছিল সেগুলোতে আগামী ২৪ সেপ্টেম্বর ভোট হবে।
 
বন্যা পরিস্থিতির কারণে কমিশন ২০ আগস্ট অনুষ্ঠিত একটি উপজেলা, চারটি ইউপির সাধারণ, ৭টি ইউপির উপ-নির্বাচন, একটির পুনঃভোট এবং দুই জেলা পরিষদের সাধারণ সদস্য পদের তিনটি উপ-নির্বাচনসহ সব নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। 
 
ওইদিন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা পরিষদের সাধারণ ভোট, রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ, রায়পুর, রামনাথপুর ও ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউপির সাধারণ, পাবনার সুজানগরের আহম্মদপুর, পটুয়াখালীর দশমিনার বহরমপুর, যশোরের মনিরামপুরের হরিহরনগর, মেহেরপুরের গাংনীর ষোলটাকা, চাঁদপুর সদরের চান্দ্রা, ফেনী সদরের ধলিয়া, মৌলভীবাজার সদরের মনুমুখ ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন, নোয়াখালী সেনবাগের নবীপুর ইউপির পুনঃভোট এবং নারায়ণগঞ্জ ও চুয়াডাংগা জেলা পরিষদের সদস্য পদের উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এসব এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বর ভোট হবে।
 
ইত্তেফাক/কেকে