ধ্রুব গুহর একলা পাখির চমক আসিফ আকবর

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১১:১০
 
গানকে ভালোবেসেই নিজের জনপ্রিয়তার অনন্য এক জায়গায় পথ হাঁটছেন ধ্রুব গুহ। ‘যে পাখি ঘর বোঝে না’ শিরোনামের গান দিয়ে কণ্ঠশিল্পী ধ্রুব গুহ কোটি দর্শকদের মুগ্ধতা ছুঁয়েছেন। নিজের গানের ক্ষেত্রে কোনো হালকা কথার কাজ করেননি। এমনকি মিউজিক ভিডিওর ক্ষেত্রেও বাজার চলতি অশ্লীলতার মাধ্যমে অন্য পথে নজর কাড়ার চেষ্টা করেননি তিনি। একমাত্র কাজের নিষ্ঠাতেই নিজের গান নিয়ে এগিয়ে গেছেন। তার ফলাফলও পেয়েছেন যথার্থ। 
 
তবে এবারের ঈদ উপলক্ষে বেশ বড় চমক নিয়ে আসছেন তিনি। প্রথমবারের মতো যুগলভাবে কাজ করছেন দেশের আধুনিক গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের সাথে। না একসাথে যৌথ কোনো গানে নয়, এবার ধ্রুব গুহর গানে মডেল হয়েছেন আসিফ নিজেই। ‘একলা পাখি’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী এবং সঙ্গীত পরিচালনা করেছেন তরিক। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
 
ধ্রুব গুহ বলেন, ‘গানকে ভালোবেসেই এই পথে হাঁটা। সেদিক দিয়ে আমার অনেক বড় অনুপ্রেরণার জায়গা আসিফ আকবর। খুব বেশিদিন আমরা সম্পর্কের ঘনিষ্ঠ না হলেও আমি এই মানুষটাকে দেখেছি রাতদিন শুধু গান নিয়েই ভাবতে। এটা অনেক বড় বিষয়। আমরা অনেকেই অনেককিছু করে গানটা নিয়ে ভাবি। আর এই মানুষটি সারাদিন গানের ভেতরে থেকে অন্য সবকিছু ভাবার বা বোঝার চেষ্টা করেন। তাই আমার একলা পাখি গানটির অন্যতম চমক হিসেবেই আমি আসিফকে উপস্থাপন করছি।’
 
ধ্রুব গুহর ‘একলা পাখি’ গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের প্লাটফর্মে রিলিজ হবে।
 
ইত্তেফাক/আনিসুর