উ. কোরিয়ার ওপর চাপ বাড়াতে সম্মত আবে ও ট্রাম্প

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১২:৩৮
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার বলেছেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরো চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায়, দেশটির বিরুদ্ধে চাপ বাড়ানোর ব্যাপারে আবে বলেন, বিগত কয়েক বছরের মধ্যে এটি ছিল পিয়ংইয়ংয়ের সবচেয়ে মারাত্মক উস্কানিমূলক কর্মকাণ্ড। 
IMG0
ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট ধরে টেলিফোনে কথা বলার পর আবে সাংবাদিকদের বলেন, ‘আমরা অতি দ্রুত জাতিসংঘে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো চাপ জোরদার করবো।’ তিনি আরো বলেন, ট্রাম্প এ ব্যাপারে জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
IMG1
ট্রাম্পের বরাত দিয়ে আবে আরো বলেন, ‘তিনি দৃঢ় অঙ্গীকার করে বলেছেন যে যুক্তরাষ্ট্র শতভাগ জাপানের পাশে রয়েছে। আমরা জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়াবো। এ ব্যাপারে আমরা চীন, রাশিয়া ও আন্তর্জাতিক গোষ্ঠীকে পাশে নেয়ার চেষ্টা চালাবো এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির নীতি পরিবর্তনে বাধ্য করতে উত্তর কোরিয়ার ওপর আরো জোরালো চাপ প্রয়োগ করবো।’ এছাড়া গত সপ্তাহে দেয়া এক বিবৃতিতে জাপান জানিয়েছিল, তারা উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য করা চীন ও নামিবিয়ার বিভিন্ন কোম্পানির সম্পদ জব্দ করার মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর নতুন অবরোধ আরোপ করবে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু