রাজশাহীর গোদাগাড়ীতে মঙ্গলবার সকাল এবং সোমবার দিবাগত রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।
তারা হলেন- শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ট্রাক হেলপার জাহিদ (২০) এবং উজানপাড়া গ্রামের আফসার আলী (৭৫)।
রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের মহিশালবাড়ী-সিএন্ডবি মোড় এলাকা দিয়ে মঙ্গলবার সকালে আফসার আলী হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি নৈশ কোচ তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
একই মহাসড়কের শহীদ ফিরোজ চত্বরের পাশে ভলকানাইজিং দোকানে একটি ট্রাক মেরামত করার জন্য রোডের উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী অপর একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের হেলপার জাহিদ ঘটনাস্থলেই মারা যান।
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, খবর পেয়ে লাশ দুইটিকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/কেকে
