বুধবার থেকে বিআইডব্লিউটিসির ঈদ স্পেশাল সার্ভিস

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৪:৪৯
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আগামীকাল বুধবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করবে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘ্ন করতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে। 
 
এবারে সংস্থার ৬টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এসব জাহাজ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী, কাউখালি, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।
 
এই নৌ-সার্ভিস চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যাত্রী সমাগম বেশি থাকলে আরো সময় বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
 
বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে সংস্থার ঈদের বিশেষ স্পেশাল সার্ভিস। এদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় জাহাজ লেপচা ও সন্ধ্যা সাড়ে ৬টায় অষ্ট্রিচ ছেড়ে আসবে। ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। 
 
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেটের আবেদন অনলাইনে দেয়া হয়েছে। এছাড়া বরিশাল অঞ্চলের অভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসির ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো- বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ এবং খিজির-৭। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।
 
ইত্তেফাক/কেকে