১৫ বছরের পুরানো ধর্ষণ মামলায় সেমাবার ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমীত রাম রহিমের সাজা ঘোষণা করেছে বিশেষ সিবিআই আদালত। এবার আরও এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে খুনের মামলায় মঙ্গলবার রায় ঘোষণা হবে হরিয়ানারই একটি আদালতে।
২০১৪ সালে গ্রেফতার করা হয়েছিল ৬৭ বছরের সন্ত রামপালকে। তার আগে ৪৩ বার আদালতের সমন উপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু তাঁকে গ্রেফতারের কাজটা আদৌ সহজ ছিল না হরিয়ানা পুলিশের কাছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে গুরুর অনুগামী ও পুলিশের মধ্যে তীব্র টানাপড়েন চলেছিল। শেষপর্যন্ত পুলিশ ও রামপালের অনুগামীদের মধ্যে সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছিল। রামপালের সতলোক আশ্রমে ২০১৪ সালের ১৮ নভেম্বরের হিংসার ঘটনায় দুটি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন রামপাল।
IMG0
রামপালকে গ্রেফতারে বাধা দিতে সতলোক আশ্রমে রামপালকে ঘিরে ব্যুহ গড়ে তুলেছিল প্রায় ১৫ হাজার অনুগামী। দুই সপ্তাহ ধরে অচলাবস্থা চলে। কর্তৃপক্ষ আশ্রমে বিদ্যুৎ, জল ও খাবার সরবরাহ ছিন্ন করে দেয়।২০১৪ সালের ১৮ নভেম্বর সকালে গুরুর ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ১২ একরের আশ্রম রণক্ষেত্রের আকার ধারণ করে।পুলিশ আশ্রমের গেট পেরিয়ে ঢুকতে গেলে রামপালের ভক্তরা পাথর, অ্যাসিড ও পেট্রোল বোমা ছুঁড়তে শুরু করে। হিংসার ঘটনায় পাঁচ মহিলা ও এক শিশু সহ ছয় জনের মৃত্যু হয়। জখমের সংখ্যা ছিল ২০০। শেষপর্যন্ত পুলিশ গ্রেফতার করে রামপালকে।
রামপালকে গ্রেফতারের পর আশ্রমে থাকা অনুগামীদের অনেকেই দাবি করেন, তাদের ভেতরে জোর করে আটকে রাখা হয়েছিল। রামপালের বিরুদ্ধে মামলার শুনানির জন্য হিসার জেলে বিশেষ আদালত গড়ে তোলা হয়। এই আদালতই আজ রামপালের বিরুদ্ধে খুনের মামলায় রায় ঘোষণা করবে। ইন্ডিয়া টুডে/ এবিপি আনন্দ।
ইত্তেফাক/রেজা
