কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:২৯
 
স্ত্রী হত্যার দায়ে স্বামী রমজান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
 
সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের উকিল শ্বশুর জয়নাল ও তার স্ত্রী ইয়াসমিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত রমজান আলীর বাড়ি  ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামে।
 
মামলার বিবরণে প্রকাশ, ভৈরবের শম্ভুপুর-দায়বাড়ি এলাকার বাসিন্দা হোসেন আলীর কন্যা পারভীন আক্তারের সঙ্গে ঘটনার ৬/৭ মাস পূর্বে রমজান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বনিবনা না হওয়ায় নানা অজুহাতে রমজান আলী পারভীন আক্তারকে অত্যাচার-নির্যাতন করতো। ২০১৩ সালের ২৫ অক্টোবর রমজান আলী ও তার স্ত্রী পারভীন আক্তার তাদের উকিল শ্বশুর একই উপজেলার মধ্যেরচর গ্রামের জয়নালের বাড়িতে বেড়াতে যায়। ২৮ অক্টোবর সন্ধ্যায় ইয়াসমিন ফোন করে পারভীন আক্তারের পিতা হোসেন আলীকে জানায় যে, তার কন্যা পারভীনকে পাওয়া যাচ্ছেনা। খবর পেয়ে হোসেন আলী দ্রুত জয়নালের বাড়িতে যায়। পরে ওই রাতেই তল্লাশি চালিয়ে জয়নালের বাড়ির পাশের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে পারভীনের আক্তারের লাশ উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে পরদিন হোসেন আলী বাদী হয়ে রমজান আলী, জয়নাল ও ইয়াসমিনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তশেষে তিন আসামির বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে। রমজান আলী গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি শাহ আজিজুল হক এবং দণ্ডিত আসামির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী।
 
ইত্তেফাক/জামান