উ. কোরীয় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:৩২
রাশিয়া উত্তর কোরীয় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর মঙ্গলবার দেশটি এ উদ্বেগ প্রকাশ করে।
 
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির খবরে বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দিন দিনই উত্তেজনার দিকে যাচ্ছে। সেখানকার পরিস্থিতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
 
টোকিও জানায়, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এটিকে ‘একটি নজিরবিহীন হুমকি’ হিসেবে বর্ণনা করেন।
 
রিয়াবকভ জানান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক যৌথ সামরিক মহড়া চলার মধ্যেই উত্তর কোরিয়া তাদের এই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। বাসস।