ভেজাল মদ পানে রাশিয়ানের মৃত্যু ও গুরুতর অসুস্থ ৩

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০১:১৯

ভেজাল মদ পান করে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ১ রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরো ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত রাশিয়ানের নাম দিমিত্রি (৪১)। রাজশাহীতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থরা হলেন- মিখাইল, বারকোলভ আলেকজেন্ডার ও লোগোচেভ লেব ভ্লাদিমিরোচেভ। এরা সকলেই প্রকল্পের রাশিয়ান সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ‘নিকমিথ’ কোম্পানিতে কাজ করতেন।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে প্রকল্পের আবাসন গ্রিনসিটির ৫নং ভবনের ১২ তলার ১২১নং ফ্লাটে উল্লেখিত ৪জন একসাথে বসে মদ পান করছিলেন। মদ খেয়ে সকলেই পেট ও বুকের ব্যাথায় অসুস্থ হয় এবং একপর্যায়ে অজ্ঞান হযে পড়েন। এদের দ্রুত ঈশ্বরদী হাসাপাতালে নিযে ভর্তি করা হয়।

ঈশ্বরদী হাসপাতালে অবস্থার উন্নতি না হলে রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসক দিমিত্রিকে মৃত ঘোষণা করেন। অপর ৩জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। রাশিয়ানরা এই মদ কোথা হতে সংগ্রহ করেছিলেন, তা জানা যায়নি।

ইত্তেফাক/আরকেজি