হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৪ পরিবার নিঃস্ব

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ০৯:২৫
হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ পরিবার একেবারে নিঃস্ব হয়েছে। এ ঘটনায় আবদুল খালেক (৬২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টায় আবদুল গণি মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
সূত্র জানায়, সবজি ব্যবসায়ী আবদুল খালেকের ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সবজি ব্যবসায়ী মামুন, হিরো ও মিজানের বসতঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে এলাকাবাসী অগ্নিনির্বাপণে এগিয়ে আসে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করে। অগ্নিদুর্গতরা পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারেনি। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ গৃহস্থলির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন তারা। আগুন নিভাতে গিয়ে আবদুল খালেক মুখে অগ্নিদগ্ধ হন।
 
মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আমার বাড়ির সামনের দিকে এ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিদুর্গতরা সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। 
 
হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন বলেন, অগ্নিদুর্গতরা নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি।
 
উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী বলেন, অগ্নিদুর্গত পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী সরকারিভাবে সহযোগিতা করা হবে।
 
ইত্তেফাক/এমআই