মুম্বাইয়ে ৯ গুণ বেশি বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ০৯:২৮
প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক শহর বলে পরিচিত মুম্বাই। স্বাভাবিকের চেয়ে ৯ গুণ বেশি বৃষ্টিপাত হওয়ায় অনেক এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শহরের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। 
IMG0
আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে আলিপুরের আবহাওয়া দপ্তর। ২০০৫ সালের জুলাইয়ের পর গতকালই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গতকাল টানা তিন ঘণ্টা প্রচণ্ড বৃষ্টি হয়। এরপর বন্ধ করে দেওয়া হয় বিমান সেবা। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। অনেকে ট্রেন স্টেশনে আটকা পড়েছেন। আন্ধেরি, চার্চগেইট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে শহরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। 
IMG1
মুম্বাইয়ের পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুম্বাইকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সব সরকারি ও বেসরকারি অফিসের কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ জারি করা হয় গতকাল। রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে আন্ধেরি, যোগেশ্বরী স্টেশন, খার পশ্চিম, দাদর, লোয়ার পরেল, হিন্দমাতা। একই অবস্থা থেইন, পালঘর এবং রাইদাদে। সেখানে গত চারদিন ধরে বৃষ্টি হচ্ছে। পানি জমে যাওয়ায় আন্ধেরি ও মিলান সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়। দৃশ্যমানতা কম থাকায় আন্ধেরি, ফিল্ম সিটি জংশন, সান্তাক্রুজ এবং ওরলি সি লিংক দিয়ে অত্যন্ত ধীর গতিতে যান চলাচল করছে। ২০টি স্থানে গাছ পড়ার খবর পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু