ময়মনসিংহে ‘জঙ্গি’ আলমের স্ত্রী ৭ দিনের রিমান্ডে

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১২:৪৮
ময়মনসিংহের ভালুকায় 'জঙ্গি' আস্তানায় বিস্ফোরণে নিহত আলম প্রামাণিকের স্ত্রী পারভীন আক্তারকে (২৮) সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাকে মঙ্গলবার রাতে ৩ নম্বর আমলি আদালতে হাজিরের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে সন্ত্রাস ও বিস্ফোরক দ্রব্য আইনে ভালুকা মডেল থানার এসআই জীবন চন্দ বর্মণ থানায় মামলা করেন।  ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হযরত আলী এসব তথ্য নিশ্চিত করেন। 
 
জানা যায়, বিস্ফোরণে নিহত মো. আলম প্রামাণিকের স্ত্রী পারভিন আক্তার (৩০), বাড়ির মালিক আজিম উদ্দিনসহ অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।
 
এ মামলাটি করার পর মঙ্গলবার পারভিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট খালেদা ইয়াসমিন সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
কোনো অভিভাবক না থাকায় সরকারি নিয়ম মেনে পারভিনের সঙ্গে দুই শিশু সন্তান ইব্রাহীম ওরফে ইসরাফিল (৭) এবং ছোট ছেলে ইছাহাককে (৩) দেওয়া হয়। 
 
প্রসঙ্গত, উপজেলার হবিরবাড়ির কাশর গ্রামে বাড়ির মালিক আজিম উদ্দিন ঘরের ভেতর রবিবার বোমা বিস্ফোরণে আলম নামে এক জঙ্গি নিহত হয়। বোমা নিষ্ক্রিয় দলের প্রধান মো. রহমত উল্যাহ চৌধুরীর নেতৃত্বে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল ও আইনশৃঙ্খলা বাহিনী সোমবার সেখানে ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে। বোমা নিষ্ক্রিয় এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির মালামাল উদ্ধার করে তারা।
 
ইত্তেফাক/আরকেজি/এমআই