ঈদে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আলিফ নামে এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনি গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো. শওকত হোসেনের ছেলে। সে কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
আলিফের মা মাকসুদা বেগম জানান, আলিফ ঈদ উপলক্ষে মোটরসাইকেল কিনতে চায়। কিন্ত তিনি ছেলেকে মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানান।
অভিমান করে আলিফ মঙ্গলবার বিকেলে বিষপান করে। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
মির্জাপুর থানার ডিউটি অফিসার বলেন, আইনী প্রক্রিয়া শেষে আলিফের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
