পূর্ব হিমালয়ের ডোকলামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনার নিরসন হয়েছে। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে দিল্লী ও বেইজিং সেনা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু চীন তাদের আগের অবস্থান থেকে সরে আসেনি। সেনা প্রত্যাহারের একদিন পরই চীন বলেছে, বিরোধপূর্ণ ডোকলাম সড়ক নির্মাণ নির্ভর করছে আবহাওয়ার ওপর। কারণ আসছে শীতকালে সেখানে সেনা রাখা কিংবা অবকাঠামো নির্মাণ করা কঠিন।
IMG0
ডোকলাম নামের যে স্থানে চীন সড়ক নির্মাণ করতে চায় সেটিকে চীন এবং ভুটান উভয় দেশই নিজেদের দাবি করে। এক্ষেত্রে ভারতের অবস্থান ভুটানের পক্ষে। ভারত মনে করছে, চীন যদি এ রাস্তাটি তৈরি করে তাহলে কৌশলগতভাবে তারা পিছিয়ে পড়বে। যে কারণে গত জুনের মাঝামাঝি সময়ে ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয় ভারতীয় সেনারা। এরপর থেকে সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে।
IMG1
কিন্তু গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, সড়ক নির্মাণের আগে আবহাওয়াসহ সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, ডোকলাম চীন ও ভুটানের বিরোধপূর্ণ এলাকা এবং সেখানে চীনা সেনারা টহল অব্যাহত রেখেছে। এদিকে, গতকাল চীনের সেনাবাহিনী ভারতকে ডোকলাম অচলাবস্থা থেকে শিক্ষা নিতে বলেছে। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্নেল উয়ু কিয়ান গতকাল বলেন, আমরা ভারতকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলছি, একইসঙ্গে চুক্তি ও আন্তর্জাতিক আইনের ধারা মেনে চলার আহ্বান জানাচ্ছি। ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় ওই এলাকায় নজরদারি অব্যাহত রাখবে চীনা সেনারা। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
