ফকিরহাটে বিদ্যুতিক পাখার সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রী মিষ্টি মণ্ডলের (১৫) মৃতদেহ উদ্ধার করেছে নিহতের পরিবার। সে মূলঘর ইউনিয়নের বানিয়াখালি গ্রামের তপন মণ্ডলের মেয়ে এবং কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আজ বুধবার সকাল ৮টায় পরিবারের লোকজনরা তার নিজ কক্ষ হতে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল। কিছু দিন আগেও তাকে মানসিক হাসপাতালে নেয়া হয়েছে।
ফকিরহাট মডেল থানার এসআই আ. কাদের জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে সে মারা গেছে, তা এখনও জানা যায়নি।
ইত্তেফাক/কেকে
