মার্কিন বিনিয়োগ বাংলাদেশে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যালিস ওয়েলস।
এ্যালিস তার প্রথম বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে মঙ্গলবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।
মিজ এ্যালিস অত্যন্ত মনোযোগ সহকারে উপদেষ্টার কথা শোনেন। উপদেষ্টা এসময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহের কথা বলেন। তখন মিজ এ্যালিস এসময় উপদেষ্টাকে জানান যুক্তরাষ্ট্র বিশেষ করে জেনারেল ইলেকট্রিকস্ বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে বিনিয়োগে আগ্রহী।
এলএনজি গ্যাস সরবরাহের উপযোগী ভাসমান স্টেশন থেকে দেশের অভ্যন্তরে গ্যাস সরবরাহ অতি সত্বর সম্ভব হচ্ছে জেনে মিস এ্যালিস উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সময়সীমার মধ্যে এ কাজ যাতে মার্কিন কোম্পানি 'এক্সিলারেট এনার্জি' সম্পন্ন করতে পারে এ জন্য উপদেষ্টা এলাহী সহকারী মন্ত্রীর সহযোগিতা চান।
এ্যালিস ভারত মহাসাগরীয় দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোয় গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ পথিকৃৎ-এর ভূমিকায় অবতীর্ণ হবে তা তিনি বিশ্বাস করেন বলে জানান।
এ্যালিস ওয়েলস মডারেটেড মুসলিম দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরীয় দেশগুলির সাথে আরও সম্পর্ক জোরদারে আগ্রহী বলে এ বৈঠকে মার্কিন প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
এসময় উপদেষ্টা বলেন, 'আগস্ট বাঙালি জাতির গভীর শোকের মাস। ১৯৭৫-এ প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানা ছাড়া পরিবারের সকল সদস্যকে এমাসে হারিয়েছেন। তিনি এদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য ছয় বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আত্মোৎসর্গ করেছেন।' জবাবে মার্কিন মন্ত্রী জানান, তারা এ বিষয়ে গভীর সহানুভূতি সহকারে ওয়াকিবহাল।
ইত্তেফাক/জামান
