ইসরাইলি বসতি দ্বিরাষ্ট্রিক সমাধানে বড় বাধা

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২১:০৩
জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেজ বলেছেন, ফিলিস্তিনি এলাকায় ইসরাইলের অবৈধ বসতি দ্বি-রাষ্ট্রিক সমাধানে সবচেয়ে বড় বাধা। পশ্চিম তীরের রামাল্লা শহরে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি।
 
গুতেরেজ বলেন, অবৈধ বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, দ্বিরাষ্ট্রিক সমাধানের ক্ষেত্রে অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং মানুষের দুর্দশা কমাতে হবে। এই সমাধানের কোনো বিকল্প পদ্ধতি নেই। 
 
মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে সোমবার ইসরাইলের তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। ওই দিন নেতানিয়াহু বলেছিলেন, কোনো অবস্থাতেই পশ্চিম তীরের কোনো স্থাপনা ধ্বংস করবে না তার দেশ। নেতানিয়াহু বলেছিলেন, ‘আমরা চিরদিনের জন্য এখানে ফিরেছি।’ নেতানিয়াহুর ওই কথার প্রসঙ্গে গুতেরেজ বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের এমন কিছু করা উচিত নয়, যা শান্তিচুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির