নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় বিথী ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়েছে।
এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে পরে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালায়। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই পোশাক কারখানার শ্রমিকরা বলেন, দুই শতাধিক শ্রমিক দীর্ঘদিন যাবত কর্মরত আছে। গত দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস চাইতে গেলে মালিক পক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে আমরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের একটি দল অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়।
এবিষয়ে জানতে চাইলে বিথী ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামীকাল বৃহস্পতিবার পরিশোধ করা হবে। তিনি বলেন, শ্রমিকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে ও কারখানা গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।
সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম বলেন, এবিষয়ে বিথী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
ইত্তেফাক/জামান
