খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আজ বুধবার সন্ধ্যায় বজ্রপাতে বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন তবলছড়ির মিলন কার্বারীপাড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নন্দ মোহন ত্রিপুরা (৩৫), তার মেয়ে ললিতা ত্রিপুরা(১৩) ও ভাতিজা কল্যাণ চন্দ্র ত্রিপুরা মিথুন (১৮)। ললিতা তবলছড়ি কদমতলী টিকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এবং কল্যাণ ত্রিপুরা তবলছড়ি গ্রীণহীল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বুধবার বিকাল ৫টার দিকে মিলন কার্বারীপাড়ার বাসিন্দা নন্দ মোহন তার মেয়ে ললিতা ও ভাতিজা কল্যাণ নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আকস্মিকভাবে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনজনই মাটিয়ে লুটিয়ে পড়েন।
পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে দৌঁড়ে এসে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুর রহমান তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত গৃহকর্তা নন্দ মোহন ত্রিপুরা পেশায় একজন কৃষক। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাৎ হোসেন টিটু জানান, নিহত তিনজনের মৃতদেহ রাতেই তবলছড়িতে নিয়ে এসে গ্রামের শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ইত্তেফাক/নূহু
