খানাখন্দে ভরা আগৈলঝাড়া গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০০:৫৫


বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কের ২৫ কিলোমিটার  সড়কে খানাখন্দ আর গর্তের কারণে ঈদুল আযহায় ঘরমুখী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুমন্ত্রীর নির্দেশের পরেও বরিশাল সওজ বিভাগ এই মহাসড়কে কোনো সংস্কার কাজ করেনি।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়। ২০১৪ সালে মহাসড়কের নির্মাণ কাজ শেষ হয়। শুরুতেই কংক্রিট ম্যাকাডম আর সঠিকভাবে রোলার ব্যবহার না করা ও নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুই বছর যেতে না যেতেই এই মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ২৫ কিলোমিটারের মধ্যে কয়েক হাজার গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়। গত ঈদের সময় সওজ কর্তৃপক্ষ বলেছিল ঈদুল আযহার আগে তারা সড়ক সংস্কার করবেন। এছাড়া সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের পূর্বে মহাসড়ক সংস্কারের নির্দেশ দিলেও বরিশাল সওজ বিভাগ থেকে এই সড়কে কোনো কাজ করা হয়নি। এ ব্যাপারে বরিশাল সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল চন্দ্র প্রামাণিক বলেন, সড়কের মাঝে বিভিন্নস্থানে গর্তের কথা শুনেছি। গাড়ি পাঠিয়ে দুই একদিনের মধ্যে ওই সকল গর্ত ভরাট করে যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে।

ইত্তেফাক/নূহু