হিউস্টনে লুটপাট ডাকাতি ঠেকাতে কারফিউ

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০১:০৮

শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভির প্রভাব মোকাবিলারত যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টনে ডাকাতি ও লুটপাট ঠেকাতে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে।

চার মাত্রার ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে শহরটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । হার্ভির ক্ষয়ক্ষতি দেখতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাস পরিদর্শন করেছেন। শুক্রবার রাতে ঘূর্ণিঝড় হার্ভি যে এলাকা দিয়ে স্থলে আঘাত হানে মঙ্গলবার সকালে প্রথমে সেই এলাকার শহর কর্পাস ক্রিস্টিতে যান ট্রাম্প, এ সময় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তার সঙ্গে ছিলেন। এদিন টেক্সাসে নেমেই ট্রাম্প জানান, তিনি চান ত্রাণ-কার্যক্রম এমন হবে যেন তা ঝড় মোকাবিলায় কিভাবে সাড়া দিতে হয় তার একটি উদাহরণ হয়ে থাকে। ‘আমরা চাই এটি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হোক,’ বলেন তিনি। ‘ঝড়টি যা ঘটিয়েছে তা ব্যাপক, কিন্তু টেক্সাসে কি হয়েছে তা আপনারা জানেন এবং টেক্সাস যেকোনো কিছুই সামাল দিতে পারবে।’টেক্সাস পরিদর্শনে গেলেও বন্যাকবলিত হিউস্টনে যাননি তিনি। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, হিউস্টনের জরুরি ত্রাণ কার্যক্রমে বিঘ্ন না ঘটাতেই সেখানে যাননি ট্রাম্প। হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার জানিয়েছেন, বিশাল এই শহরটিতে লুটপাট ঠেকাতে সান্ধ্য আইন জারি থাকা দরকার।

অনির্দিষ্টকালের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে। ত্রাণকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা, জরুরি উদ্ধারকারীরা এবং যারা কাজে যাবেন ও কাজ থেকে ফিরবেন, তাদের ক্ষেত্রে সান্ধ্য আইন প্রযোজ্য হবে না। খালি বাড়িগুলো থেকে মালামাল লুটপাট করা ও সম্ভাব্য অপরাধ তত্পরতা থেকে লোকজনকে বিরত রাখতে সান্ধ্য আইন সহায়তা করবে বলে জানিয়েছেন টার্নার। পুলিশ কর্মকর্তার ছদ্মবেশ ধরে অপরাধীরা লুটপাট ও ডাকাতি করছে বলে অভিযোগ করেছেন শহরটির কর্মকর্তারা।

ইত্তেফাক/নূহু