ঈদুল আজহা উপলক্ষে গানবাংলা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে ‘উইন্ড অব চেঞ্জ সিজন-২’। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি রাত ৯টায়। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুরু হওয়া আন্তর্জাতিকমানের সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ-এর সিজন প্রচার হয় গত ঈদুল ফিতরে। প্রচারের পরপরই অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপকভাবে সাড়া জাগায়।
আগেরবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীদের সঙ্গে দেশের স্বনামধন্য, জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। দেশের সঙ্গীতবিষয়ক সবচেয়ে বড় প্লাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’-এর এবারের সিজন ২-এর অন্যতম বৈশিষ্ট্য হলো খ্যাতিমান প্রবীণ শিল্পীদের পাশাপাশি এ প্রজন্মের নবীন শিল্পীদের অংশগ্রহণ।
এবারের আয়োজনে গান পরিবেশন করবেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বারী সিদ্দিকী, সুবীর নন্দী, কৌশিক হোসেন তাপস, জানে আলম, অদিতি মহসিন, চিশতী বাউল, হূদয় খান, পথিক নবী, বেলাল খান, লুইপা ও শামীম।
‘উইন্ড অব চেঞ্জ সিজন ২’-এর যন্ত্রশিল্পীরা হলেন যুক্তরাষ্ট্রের চেলো বাদক আট ইউম মেনিকিয়ান, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনা ভাইভ, যুক্তরাষ্ট্রের ড্রামার টনি পার্কার, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, এডেলিনা, ভায়োলিন বাদক এনা রাকিতা, ড্রামার নেলি বুভুজাংকা ও বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, ভারতের খ্যাতিমান অ্যাকুয়েস্টিক গিটারিস্ট সঞ্জয় দাস, বেইজ গিটারিস্ট মোহিনী দে, ইলেক্ট্রিক গিটার রিদম শ’, সেতারে পূর্বায়ন চ্যাটার্জি, সন্তুরে সন্দীপ চট্টোপাধ্যায়, এশরাজে আরশাদ খান ও ম্যান্ডোলিনে রাজেস উপ্পালাপু।
ইত্তেফাক/আনিসুর
