কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা তিন শতাধিক গান নিয়ে প্রকাশিত হয়েছে খালিদ সংগীত নামের ওয়েবসাইট। বিষয়ভিত্তিক-ভাবে সবগুলো গানই সন্নিবেশিত করা হয়েছে এই ওয়েবসাইটে।
গানগুলোর অডিও ও ভিডিও চিত্রের সাথে রয়েছে শিল্পী, সুরকার, সংগীত পরিচালকসহ প্রত্যেকের পূর্ণাঙ্গ পরিচিতিও। তাছাড়া গানগুলোর অডিও, ভিডিও, মিউজিক ট্র্যাক, রিংটোন আলাদা দেয়া হয়েছে, যাতে সবাই তা সহজেই শুনতে ও ডাউনলোড করতে পারেন।
মাহবুবুল এ খালিদ বলেন, “অনেক গীতিকারের কাছেই তার লেখা সব গানের সংগ্রহ থাকে না। সময়ের পরিবর্তনে আবার অনেক লেখা হারিয়েও যায়। ‘খালিদ সংগীত’ নামের এই ওয়েবসাইটটি করা হয়েছে, যাতে আমার লেখা গানগুলো এখানে সংরক্ষিত থাকে। একজন শ্রোতা যাতে সহজেই সব গান খুঁজে পেতে পারেন।”
খালিদ সংগীতের বেশিরভাগ গানের সুর ও সংগীতায়োজন করছেন জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি বলেন, মাহবুবুল এ খালিদ সব সময় ব্যতিক্রমধর্মী গান ও কবিতা লেখেন। তার গানের কথায় একাধারে থাকে কোনো না কোনো বার্তা। যা মানুষকে উদ্দীপ্ত করে। ভাবনার খোরাক যোগায়। মানুষকে পরিচালিত করে ন্যায়, সত্য ও সুন্দরের দিকে।
তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে কয়েকটি হলো সেভ দ্যা প্যালেস্টাইন, রোহিঙ্গা রোহিঙ্গা পিপল, ফেলানি, আদুরীরে করলো গুলি, বিশ্বকাপে বিশ্বমাতে, এগিয়ে চল রয়েল বেঙ্গল, ঈদ এলো রে, ২১শে ফেব্রুয়ারি, বাবা আমার বাবা, মা তুমি লক্ষ তারার সেরা, বর্জন করো ধূমপান ইত্যাদি।
ইত্তেফাক/আনিসুর
