কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল সীমান্ত এলাকা থেকে পুলিশ ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই মহুবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা চর গোরকমন্ডল এলাকায় অবস্থান নেন। এ সময় চোরাকারবারীরা ভারত থেকে বস্তা ভর্তি করে সিক্সটি আপ ব্রান্ডের মদের বোতল নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেন।
পুলিশের ধাওয়ায় মদের বোতলের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মদের বোতলের বস্তা উদ্ধার করে থানায় আনা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ঘটনায় এসআই মহুবর রহমান বাদী হয়ে চর গোরকমন্ডল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুরান আলী (২৭) একই গ্রামের জনাব আলীর ছেলে জবদুল হোসেন (২৮) এবং আজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন নামে ৩ পলাতক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
