বরগুনার পাথরঘাটায় মুক্তিপণ দিয়ে বুধবার সন্ধ্যায় ফিরে এসেছেন অপহৃত ৪৫ জেলের মধ্যে ৯ জন। জলদস্যুদের জিম্মি দশা থেকে ৮ দিন পর তারা মুক্তি পান। এরআগে গত ২২ আগস্ট রাতে তাদের অপহরণ করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিরে আসা জেলেরা হলেন- সোহরাব, হায়দার, হানিফা, আবদুল হক, হারুন কাজী, শহিদ, কালাম, নাসির উদ্দিন ও আ. ছালাম। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার কালিয়ারখাল, রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা গ্রামে। মাথাপিছু ১ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন তারা। বাকি মাঝিদের কোন সন্ধান নেই বলে জানান ফিরে আসা জেলেরা। জিম্মি হওয়া মাঝিদের পরিবারে চলছে আহাজারি।
জানা গেছে, গত ২২ আগস্ট রাতে পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে সুন্দরবনের কাছে নারিকেল বাড়িয়া ও কচিখালী এলাকায় জেলেদের ট্রলারে হামলা চালিয়ে ৪৫ জনকে অপহরণ করে জলদস্যু বাহিনী।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ফিরে আসা মাঝিদের নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য ট্রলার মালিক ও সমিতি যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/ রাজেশ
