নেশার টাকা না পেয়ে শিশুপুত্রের শরীরে আগুন, পরে মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৪:২২
 
নেত্রকোনায় নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত বাবা মাহবুব (২২) তার চার বছরের শিশুপুত্র, মা, ছোট ভাই ও শেষে নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে দগ্ধ শিশু আবিদ আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যায়। অগ্নিদগ্ধ পরিবারের  অন্যরা ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন। 
 
বুধবার রাতে শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যে মাহবুবের বিরুদ্ধে শিশুপুত্র হত্যার অভিযোগ এনেছে। 
 
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মোক্তারাপাড়া কো-অপারেটিভ ব্যাংক এলাকার নেশাখোর মাহবুব প্রায়শই নেশার জন্য তার বাবা জামাল মিয়া, মা ও স্ত্রীর কাছে নেশার জন্য টাকা চাইতেন। এই নিয়ে তাদের সঙ্গে মাহবুবের ঝগড়া হতো। এ অবস্থায় স্ত্রী রাগ করে কয়েক মাস আগে তার বাপের বাড়ি চলে যান। বুধবার রাতে মাহবুব তার মা মঞ্জুরার (৪০) কাছে নেশার জন্য দুই হাজার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকার করেন। টাকা না দেয়ায় তার মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে মাহবুব তার শিশুপুত্র আবির ও নিজের শরিরে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের চিৎকারের মাহবুবের মা ও তার ভাই তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে তারাও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠান। পরে গুরুতর অগ্নিদগ্ধ শিশু আবির বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যায়।
 
এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জেনেছি ছেলেটি নেশাগ্রস্থ। এ কারণে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহো চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অতিরিক্ত পুলিশ সুপার।
 
ইত্তেফাক/কেকে