ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: আইজিপি

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৫:২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা বিধান ও জঙ্গিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  
আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে এসে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী টোলপ্লাজায় তিনি এ কথা বলেন।
আইজিপি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন কোন প্রকার যানজট নেই। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করায় কোন প্রকার দুর্ঘটনার অভিযোগও পাওয়া যায়নি। 
ঈদে জনগণের নিরাপত্তার বিষয়ে শহীদুল হক বলেন, দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদে জঙ্গি হামলার কোন আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গিদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। এ ব্যাপারে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
 
ইত্তেফাক/ রাজেশ