ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোয়াল ঘরে শিয়ালে কামড়ানো সেই বৃদ্ধা মরিয়ম বেগম (৮৫) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মারা গেছেন। মুক্তাগাছা উপজেলার কাঠবাওলা গ্রামে মেজো ছেলে মারফত হোসেনের বাসায় তিনি মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার নিশ্চিত করে জানান, দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে। তিনি আরও জানান, জেলা প্রশাসকের নির্দেশে সেই বৃদ্ধা আমাদের সার্বক্ষণিক তদারকিতে ছিল। গত ২১আগস্ট তার ছোট ছেলেকে ডেকে এনে বয়স্ক ভাতার টাকা, নগদ টাকা ও ঈদ সামগ্রী দেয়া হয়েছে। শিয়ালে কামড়ে ক্ষত বিক্ষত করার পর দীর্ঘ এক মাস তার চিকিৎসা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃদ্ধা মায়ের ভরণপোষণের দায়িত্ব নিয়েছিলেন।
উল্লেখ্য, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের তিন ছেলে থাকার পরও বৃদ্ধা মাকে কোন রকম সুরক্ষা দেয়নি। বৃদ্ধা মা রাত্রি যাপন করতো গোয়াল ঘরে। গত ২৪মে বুধবার রাতে শিয়াল কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে বৃদ্ধ মা মরিয়মকে। এ নিয়ে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদারের সহায়তায় উপজেলা প্রশাসন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এক মাস চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তাকে মেজ ছেলের বাড়ি রাখা হয়।
ইত্তেফাক/জামান
